Monday, May 27, 2019

অধ্যায় - ২৮ - শুফআ (كتاب الشفعة) ( হাদিস নং - ২১১৪-২১১৬ = মোট ৩ টি হাদিস)

বুখারী শরীফ সব খণ্ড


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

অধ্যায় - ২৮ - শুফআ (كتاب الشفعة)
( হাদিস নং - ২১১৪-২১১৬ = মোট ৩ টি হাদিস)

পরিচ্ছদঃ ১৩৯৭. ভাগ-বাটোয়ারা হয়নি এমন যমীনে শুফআ এর অধিকার। যখন (ভাগ-বাটোয়ারা হয়ে) সীমানা নির্ধারিত হয়ে যায়, তখন আর শুফআ এর অধিকার থাকেনা।
হাদিস ২১১৪
মুসাদ্দাদ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সম্পত্তি ভাগ-বাটোয়ারা হয়নি, তাতে শুফআ এর ফায়সালা দিয়েছেন। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তাও পৃথক হয়ে যায়, তখন শুফআ এর অধিকার থাকে না।
[বাড়ী, জমি ইত্যাদি এজমালী সম্পত্তি হতে কেউ নিজের অংশ বিক্রি করলে অপর শরীকের অথবা বাড়ী বা জমির সংলগ্ন থাকার কারনে প্রতিবেশীর উক্ত বিক্রয় মূল্যে খরিদ করার যে অগ্রাধিকার শরীয়াত প্রদান করেছে, তাকে শুফআ বলে।]

পরিচ্ছদঃ ১৩৯৮. বিক্রয়ের পূর্বে শুফআ এর অধিকারীর নিকট (বিক্রয়ের) প্রস্তাব করা। হযরত হাকাম (রঃ) বলেন, বিক্রয়ের পূর্বে যদি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বিক্রয়ের অনুমতি দেয়, তবে তার শুফআ এর অধিকার থাকেনা। শাবী (রঃ) বলেন, যদি কারো উপস্থিতিতে তার শুফআ এর যমীন বিক্রি হয়, আর সে এতে কোন আপত্তি না করে, তবে (বিক্রয়ের পরে) তার শুফআ এর অধিকার থাকে না।
হাদিস ২১১৫
মাক্কী ইবনু ইবরাহীম (রহঃ) ... আমর ইবনু শারীদ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) এর কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখেন। এমতাবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযাদকৃত গোলাম আবূ রাফি (রাঃ) এসে বললেন, হে সা’দ! আপনার বাড়ীতে আমার যে দুটি ঘর আছে, তা আপনি আমার থেকে খরিদ করে নিন। সা’দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি সে দুটি ঘর খরিদ করবে না। তখন মিসওয়ার (রাঃ) বললেন, আল্লাহর কসম, আপনি এ দুটো অবশ্যই খরিদ করবেন।
সা’দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম) এর অধিক দিব না। আবূ রাফি (রাঃ) বললেন, এই ঘর দুটির বিনিময়ে আমাকে পাঁচশ দ্বীনার দেওয়ার প্রস্তাব এসেছে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারনে, তাহলে আমি এ দুটি ঘর আপনাকে চার হাজার (দিরহাম) এর বিনিময়ে কিছুতেই দিতাম না। আমাকে এ দুটি ঘরের বিনিময়ে পাঁচশ দ্বীনার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর তিনি তা তাঁকে (সা’দ’ কে) দিয়ে দিলেন।

পরিচ্ছদঃ ১৩৯৯. কোন প্রতিবেশী অধিকতর নিকটবর্তী
হাদিস ২১১৬
হাজ্জাজ ও আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার দু'জন প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে কাকে আমি হাদীয়া দিব? তিনি বললেন, উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশী কাছে।

No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻