Monday, May 27, 2019

অধ্যায় - ২৭ - সলম (كتاب السلم) ( হাদিস নং - ২০৯৭-২১১৩ = মোট ১৭ টি হাদিস)

বুখারী শরীফ সব খণ্ড


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

অধ্যায় - ২৭ - সলম (كتاب السلم)
( হাদিস নং - ২০৯৭-২১১৩ = মোট ১৭ টি হাদিস)

পরিচ্ছদঃ ১৩৮৯. নির্দিষ্ট পরিমানে সলম করা
২০৯৭. আমর ইবনু যুরারা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু' বছরের বাকীতে (রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু' বা তিন বছরের মেয়াদে) খেজুর সলম* (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন, যে ব্যাক্তি খেজুরে সলম করতে চায়, সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে সলম করে।
* অগ্রীম মূল্যে কেনা-বেচাকে সলম বলে।
২০৯৮. মুহাম্মাদ (রহঃ) ... ইবনু আবূ নাজীহ (রহঃ) থেকে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে (সলম করার কথা) বর্ণিত রয়েছে।

পরিচ্ছদঃ ১৩৯০. নির্দিষ্ট ওযনে সলম করা
২০৯৯. সাদাকা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন মদিনাবাসীরা ফলে দু' ও তিন বছরের মেয়াদে সলম করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যাক্তি সলম করলে সে যেন নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওযনে এবং নির্দিষ্ট মেয়াদে সলম করে।
২১০০. আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... ইবনু আবূ নাজীহ্ (রহঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট মেয়াদে সলম করে।
২১০১. কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন এবং বলেন, নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওযনে ও নির্দিষ্ট মেয়াদে (সলম) কর।
২১০২. আবূল ওয়ালীদ (রহঃ), ইয়াহইয়া (রহঃ) ও হাফস ইবনু উমর (রহঃ) ... মুহাম্মাদ অথবা আবদুল্লাহ ইবনু আবূল মুজালিদ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনু হাদ ও আবূ বুরদাহ (রহঃ) এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনু আবূ আওফা (রাঃ) এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমর (রাঃ) এর ‍যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনু আবযা (রাঃ) কে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ বলেন।

পরিচ্ছদঃ ১৩৯১. যার কাছে মূল বস্তু নেই, তার সঙ্গে সলম করা।
২১০৩. মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু সা’দ্দাদ ও আবূ বুরদাহ (রহঃ) আমাকে আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) এর কাছে পাঠান। তাঁরা বললেন যে, (তুমি গিয়ে) তাঁকে জিজ্ঞাসা কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবায়ে কিরাম গম বিক্রয়ে কি সলম (পদ্ধতি গ্রহন) করতেন? আবদুল্লাহ (রাঃ) বললেন, আমরা সিরিয়ার লোকদের সঙ্গে গম, যব ও কিসমিস নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। আমি বললাম, যার কাছে এসবের মূল বস্তু থাকতো, তাঁর সঙ্গে? তিনি বললেন, আমরা এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করিনি। তারপর তাঁরা দুজনে আমাকে আবদুর রহমান ইবনু আবযা (রাঃ) এর কাছে পাঠালেন এবং আমি তাঁকে (এ ব্যাপারে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবীগন সলম করতেন, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতেন না যে, তাদের কাছে মূল বস্তু মউজুদ আছে কি-না।
২১০৪. ইসহাক ওয়াসিতী (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ) থেকে অনুরূপ বর্ননা করেছেন এবং তিনি বলেছেন, আমরা তাদের সঙ্গে গম ও যবে সলম করতাম।
২১০৫. কুতায়বা (রহঃ) ... শায়বানী (রহঃ) থেকে বর্ণিত যে, রাবী বলেন, গম, যব ও কিসমিসে (সলম করতেন)। আবদুল্লাহ ইবনুল ওয়ালীদ (রহঃ) সুফিয়ান (রহঃ) সূত্রে শায়বানী (রহঃ) এর বর্ণনায় রয়েছে এবং যায়তুনে।
২১০৬. আদম (রহঃ) ... আবূল বাখতারী তাঈ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) কে খেজুরে সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাবারযোগ্য এবং ওযন করার যোগ্য হওয়ার আগে বিক্রি করা নিষেধ করেছেন। ঐ সময়ে এক ব্যাক্তি বলল, কী ওযন করবে? তার পাশের ব্যাক্তি বলল, সংরক্ষিত হওয়া পর্যন্ত। মুআয (রহঃ) সূত্রে শুবা (রহঃ) থেকে আমর (রহঃ) থেকে বর্ণিত, আবূল বাখতারী (রহঃ) বলেছেন, ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ (করতে) নিষেধ করেছেন।

পরিচ্ছদঃ ১৩৯২. খেজুরে সলম করা
২১০৭. আবূল ওয়ালীদ (রহঃ) ... আবূল বাখতারী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ)-কে খেজুর সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, খেজুর আহারযোগ্য হওয়ার আগে তা বিক্রয় করা নিষেধ করা হয়েছে, আর নগদ রূপার বিনিময়ে বাকী রূপা বিক্রয় করতেও (নিষেধ করা হয়েছে)। আমি ইবনু আব্বাস (রাঃ)-কে খেজুরে সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার যোগ্য এবং ওযনের যোগ্য হওয়ার আগে খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন।

পরিচ্ছদঃ ১৩৯২. খেজুরে সলম করা
২১০৮. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূল বাখতারী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ) কে খেজুর সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আহারযোগ্য হওয়ার আগে ফল বিক্রি করতে উমর (রাঃ) নিষেধ করেছেন এবং তিনি নগদ সোনা বা রূপার বিনিময়ে বাকীতে সোনা বা রূপা বিক্রয় করতে নিষেধ করেছেন। আমি এ সম্পর্কে ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার এবং ওযন করার যোগ্য হওয়ার আগে খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন। আমি বললাম, এর ওযন করা কি? তখন তার নিকটে বসা একজন বলে উঠল (অর্থাৎ) সংরক্ষন পর্যন্ত।

পরিচ্ছদঃ ১৩৯৩. সলম ক্রয়-বিক্রয়ে যামিন ‍নিযুক্ত করা
২১০৯. মুহাম্মাদ ইবনু সালাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহুদীর কাছ থেকে বাকীতে খাদ্য খরিদ করে তাঁর লৌহ নির্মিত বর্ম ইহুদীর কাছে বন্ধক রেখেছেন।

পরিচ্ছদঃ ১৩৯৪. সলম ক্রয়-বিক্রয়ে ব্ন্ধক রাখা
২১১০. মুহাম্মাদ ইবনু মাহবুব (রহঃ) ... আমাশ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সলম ক্রয়-বিক্রয়ে বন্ধক রাখা সম্পর্কে ইবরাহীমকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, আমাকে আসওয়াদ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহুদীর কাছে নির্দিষ্ট মেয়াদে বাকীতে খাদ্য খরিদ করে তার নিকট নিজের লৌহ নির্মিত বর্ম বন্ধক রেখেছেন।

পরিচ্ছদঃ ১৩৯৫. নির্দিষ্ট মেয়াদে সলম (পদ্ধতিতে) ক্রয়-বিক্রয়। ইবন আব্বাস ও সাঈদ (রাঃ) এবং আসওয়াদ ও হাসান বসরী (রঃ) এ অভিমত ব্যক্ত করেছেন। ইবন উমর (রাঃ) বলেন, নির্দিষ্ট মেয়াদে ও নির্দিষ্ট দামের ভিত্তিতে খাদ্য (বাকীতে) বিক্রয় করায় দোষ নেই। অবশ্য যদি তা এমন ফসলে না হয়, যা আহারযোগ্য হয়নি।
২১১১. আবূ নুআঈম (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন তারা (মদিনাবাসী) দু' ও তিন বছরের মেয়াদে ফলের বিক্রয়ে সলম করত। তিনি বলেন, তোমরা নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করবে। আবদুল্লাহ ইবনু ওয়ালীদ (রহঃ) ইবনু আবূ নাজীহ্ (রহঃ) সূত্রে বর্ণিত, আর তিনি বলেন, নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট ওযনে।
২১১২. মুহাম্মাদ ইবনু মুকাতিল (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ বুরদা ও আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রহঃ) আমাকে আবদুর রাহমান ইবনু আবযা ও আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) এর নিকট পাঠালেন। আমি সলম (পদ্ধতিতে ক্রয়-বিক্রয়) সম্পর্কে তাদের জিজ্ঞাসা করলে তাঁরা উভয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম। আমাদের কাছে সিরিয়া থেকে কৃষকগন আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুন নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ)] বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তাদের কাছে সে সময় ফসল মওজুদ থাকতো, কি থাকতো না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করিনি।

পরিচ্ছদঃ ১৩৯৬. উটনী বাচ্চা প্রসবের মেয়াদে সলম করা
২১১৩. মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ [ইবনু উমর (রাঃ)] থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করলেন। (রাবী) নাফি (রহঃ) এর ব্যাখ্যা করেছেন, ‍উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে।

No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻